স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়াঃ
কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের ভেরভেরী বাঁধ এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মিজানুর রহমান সম্প্রতি এক মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। রেখে গেছেন স্ত্রী ও দুটি অবুঝ সন্তান, যারা বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের মুখোমুখি।
এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় চেয়ারম্যান। ঈদ উপলক্ষে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন তিনি। পাশাপাশি হলোখানা ইউনিয়নবাসী ও উপজেলার বিভিন্ন শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তাও তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে চেয়ারম্যান বলেন, “মিজানুর রহমানের মৃত্যুতে তার পরিবারটি কঠিন সংকটের মধ্যে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শিশু দুটির পড়াশোনা যাতে বন্ধ না হয় এবং পরিবারটি যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এলাকাবাসী জানান, মিজানুর রহমান ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানান।
সকলেই মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার এতিম দুই সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।