‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ এবং ‘আদিবাসী ধাত্রীদের সম্মান করি: জীবন ও সুস্থতা সুরক্ষায় এগিয়ে আসি’ এ প্রতিপাদ্যে জেলার কলমাকান্দায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ রোববার দিনব্যাপী উপজেলার নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা উপজেলা শাখার চেয়ারম্যান মুকুট স্নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক।
কারিতাস এনজিও কর্মকর্তা সুজনা রুরাম ও সুজন ম্রংয়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, ডিএসকের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, উপজেলা সিপিবির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্তি জাম্বিল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা, ময়মনসিংহ অঞ্চল কারিতাস আইসিডিপি প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সেক্রেটারি সুজিত মানখিন এবং কলমাকান্দা উপজেলা বাগাছাসের সেক্রেটারি সুপার কান্তি রিছিল।
সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, মাতৃভাষা, সামাজিক মূল্যবোধ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার অগ্রযাত্রার পাশাপাশি এসব ঐতিহ্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, আদিবাসী নারীদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান এবং প্রসবকালীন সময়ে ধাত্রীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতাকে সম্মান জানানোর পাশাপাশি নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার সঙ্গে তাদের কাজের সমন্বয় করা প্রয়োজন।
দিবসটির কর্মসূচিতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, বারসিক বাংলাদেশ, কারিতাস আলোক কোরে-২ প্রকল্প, বাগাছাস, গাসু, বাহাছাস, বাজাহাস, নলছাপ্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া ধর্মপল্লী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় ও নলছাপ্রা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার নানা দিক তুলে ধরা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















