জাকির ফরাজীঃ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী এলাকায় ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা ও অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ানগর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি পত্তাশী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন হাওলাদার মো. গোলাম মোস্তফা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. বিপ্লব হোসেনকে গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
গোলাম মোস্তফার দাবি, ২০০৮ ও ২০১৪ সালে পৃথক দুটি কবলা দলিলের মাধ্যমে চরনী পত্তাশী মৌজার ৩২ শতাংশ জমি সাবকবলা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। গত ৩১ জুলাই বিপ্লব হোসেন ওই জমির বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন। পরে ৫ আগস্ট কয়েকজন লোক নিয়ে সেখানে নির্মাণসামগ্রী আনা হয়।
গোলাম মোস্তফা বলেন, জমিটি নিয়ে পিরোজপুরের আদালতে দুটি দেওয়ানি মামলা বিচারাধীন। মামলা চলমান থাকা অবস্থায় গাছ কেটে ও নির্মাণসামগ্রী এনে জমিতে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বিপ্লব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছবি সংযুক্ত
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















