মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা তালা উপজেলা সদর ইউনিয়ন বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানপুর গ্রামের বাসিন্দা মোঃ ইয়াছিন মোড়ল তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইয়াছিন মোড়ল জানান, একই গ্রামের আঃ সাত্তার মোড়ল, গফ্ফার মোড়ল ও আতিয়ার রহমান মোড়লসহ কয়েকজনের সঙ্গে তার পৈত্রিক ও খরিদকৃত বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বর্তমানে অভিযোগের বিবাদীদের করা ১৪৫ ধারায় একটি মামলা চলমান রয়েছে।
তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি সকালে অভিযুক্তরা গায়ের জোরে তার বসতবাড়ির জমিতে ড্রেন কেটে ইট, বালু ও সিমেন্ট দিয়ে পাকাঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন শুরু করে। এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। এছাড়া তিনি বলেন, জমিটির পাশ দিয়ে খানপুর–মুড়াকলিয়া পিচঢালা রাস্তা রয়েছে এবং রাস্তা ঘেঁষেই ওই জমিতে ড্রেন কাটা হয়েছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।