নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করেন।
তিনি বলেন, তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন, তিনি আরও বলেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন এবং প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামির কাছে অজ্ঞাতনামা সহযোগীদের নাম-ঠিকানা জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক সহযোগীদের শনাক্ত করা এবং আসামির ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাইয়ের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ১৫ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। ওই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়।
পরে প্রাপ্ত তথ্য যাচাইয়ের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে।