মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
ঈদের আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী ডা. জাহিদ হোসেন সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন,“ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই চেতনা ধারণ করেই আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে বিরামপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি,শিক্ষক,ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। তারা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এসময় বিরামপুর উপজেলার সরকার দলীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন,বর্তমান সরকারের জনমুখী উদ্যোগ ও মন্ত্রীর সক্রিয় ভূমিকার কারণে বিরামপুরে উন্নয়নের ধারা আরও বেগবান হয়েছে।
মন্ত্রী ডা.জাহিদ হোসেন তার বক্তব্যে সমাজকল্যাণ,নারী ও শিশু উন্নয়ন, এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকার সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”ঈদের এই মিলনমেলা একদিকে যেমন উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়, অন্যদিকে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিতরা মনে করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।