জাকির হোসেনঃ
পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু এলাকায় বিশেষভাবে তৈরি একটি পিকআপ ভ্যানের চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। এ সময় অভিযুক্তরা গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৮ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ দল পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি নীল-সাদা রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক প্রথমে গতি কমিয়ে পরে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ধাওয়া করলে দুমকীর আঙ্গারিয়া বাজারের আঙ্গারিয়া ব্রিজের ওপর পিকআপটি ফেলে চালকসহ তিন ব্যক্তি পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে র্যাব জানায়, পিকআপটির চালক দুমকী উপজেলার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা মো. হীরা (৩০)। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে চেসিসের বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে খাকি স্কচটেপ ও আকাশি রঙের পলিথিনে মোড়ানো ৩২টি পোটলায় প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজা ও পিকআপটি জব্দ করে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















