মোঃ আব্দুল কাদের:
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
গতকাল ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে ভিবিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের প্রস্তুতি পর্যালোচনা করেন তাঁরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের পাশাপাশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ, পূজা উদ্যাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















