শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
এ সময় ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বান্দরবানের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, এবার চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজার আয়োজন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকগণ।
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দিনব্যাপী রাজার মাঠের কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চালু থাকবে। ক্যাম্পে চর্ম, চক্ষু, দন্ত ও মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দিবেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















