প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সিএমপির ব্রিফিং প্যারেডে এ নির্দেশনা দেন তিনি।
এসময় তিনি নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখা একং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামীকাল (মঙ্গলবার) চট্টগ্রামের জে এম সেন হলে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















