বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজশাহীবাসী

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় চরম ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার মানুষ।

নগরীর প্রধান বিপণিবিতান, মার্কেট ও অস্থায়ী হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।

বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের চাপ সবচেয়ে বেশি। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্কদের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বিক্রেতারাও ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন। অনেক দোকান রাতভর খোলা রাখার প্রস্তুতিও নিয়েছে।

তবে শুধু পোশাকেই সীমাবদ্ধ নেই কেনাকাটা। ঈদের প্রধান খাদ্যদ্রব্য সেমাই, চিনি, দুধ, ঘি ও বিভিন্ন ধরনের মশলার দোকানগুলোতেও ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। খুচরা ও পাইকারি বাজারে সেমাইয়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ। লাচ্ছা সেমাই, চিকন সেমাই ও প্যাকেটজাত সেমাই কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত।

মশলার দোকানগুলোতেও একই চিত্র। গরম মশলা, জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গসহ বিভিন্ন উপকরণের বিক্রি বেড়েছে। অনেকেই ইদের দিনের রান্নার প্রস্তুতি হিসেবে আগেভাগেই এসব উপকরণ কিনে নিচ্ছেন। বিক্রেতারা জানান, ইদের আগের দুই-তিন দিনে মশলা ও সেমাইয়ের বিক্রি সবচেয়ে বেশি হয়।

অন্যদিকে, গরু ও মুরগির মাংস, ডিম, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারেও ক্রেতাদের চাপ রয়েছে। অনেকেই ঈদের দিন ও পরবর্তী কয়েকদিনের জন্য প্রয়োজনীয় খাবার কিনছেন।

ক্রেতারা জানান, শেষ মুহূর্তে এসে ভিড় বেশি হলেও ঈদের আনন্দকে ঘিরে এই কেনাকাটা তাদের জন্য বাড়তি উচ্ছ্বাস তৈরি করছে। তবে অতিরিক্ত ভিড় ও যানজট কিছুটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নগর প্রশাসনের পক্ষ থেকে বাজার এলাকায় শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে যাতে করে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন।

ঈদুল ফিতরকে ঘিরে রাজশাহী নগরীতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তের এই কেনাকাটাই যেন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে নগরবাসীর মাঝে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com