মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিন উপাচার্যকে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণের শিক্ষা নিশ্চিত করাই এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য, যেখানে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় শক্তি।
তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরও সহজীকরণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
উপাচার্য সময়ানুবর্তিতা, টিমওয়ার্ক এবং একটি সুন্দর ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়ে তিনি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম পরিহার এবং অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থায় রূপান্তরে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।