এস চাঙমা সত্যজিৎঃ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে বোরকা পরে জুম্ম নারীদের শ্লীলতাহানির চেষ্টায়, এক সেটেলার বাঙালি যুবককে আটক করেছে স্থানীয়রা।
আজ ১৫ এপ্রিল ২০২৬ খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় মহামুনি বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ উৎসব চলাকালে বোরকা পরে জুম্ম নারীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক সেটেলার বাঙালি যুবককে আটক করেছে উপস্থিত জনতা।
অভিযোগ রয়েছে, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবকে সাম্প্রদায়িক রূপ দিতে উগ্রবাদী সেটেলার বাঙালিদের একটি অংশ পরিকল্পিতভাবে এ ধরণের ঘটনা ঘটিয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল (১৪ এপ্রিল) উৎসব চলাকালে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরের মতো এবারও মহামুনি বৌদ্ধ বিহারে সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় এক ব্যক্তি বোরকা পরে নারীদের ভিড়ে প্রবেশ করে এবং জুম্ম নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে।
উপস্থিত স্বেচ্ছাসেবকরা বিষয়টি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, তিনি একটি ফ্রাঙ্ক ভিডিও (মজার ছলচাতুরি) তৈরির উদ্দেশ্যে এ কাজ করেছেন। তবে সংশ্লিষ্ট কোনো চ্যানেলের নাম জানতে চাইলে তিনি তা বলতে পারেননি এবং পরবর্তীতে স্বীকার করেন যে তাদের কোনো চ্যানেল নেই। অভিযুক্ত যুবকটি মানিকছড়ি উপজেলার আমতলার খেয়ানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জুম্ম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়; বরং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে সেটেলার বাঙালিদের একটি পরিকল্পিত কর্মকাণ্ড।
উল্লেখ্য, এর আগেও খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছর ২৩ সেপ্টেম্বর ২০২৫ এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ‘জুম্মো ছাত্র-জনতা’ ও সেটেলার বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত তিনজন জুম্মো গুরুতর আহত হন।
এর ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলার রামসু বাজার ও আশপাশের জুম্মো বসতিতে সেনাবাহিনী, সেটেলার বাঙালি ও বহিরাগতদের সম্মিলিত হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তিনজন জুম্ম নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এছাড়া ৫৪টি দোকান, ২৬টি বসতঘর ও ১৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, যার ফলে প্রায় ২৫ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।