নিজস্ব প্রতিবেদক: সেশনজট কমিয়ে আনার জন্য ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে নিয়ে এসে চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেসময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।
একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।