বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ছাতকে প্রবাসীর বসতবাড়িতে হামলা, এতে ভাংচুর,অগ্নিকান্ড ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উটেছে। পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত – ১১ বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

একসময় বাংলাদেশে আঙুর চাষ ছিল অনেকটা কল্পনার মতো। দেশের আবহাওয়া ও মাটিতে এ ফল ফলানো কঠিন বলেই ধারণা ছিল সবার। তবে সেই ধারণাকে বদলে দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় গড়ে উঠছে একের পর এক আঙুরের বাগান। উদ্যমী কৃষকদের হাত ধরে এখন এখানে বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। ফলে বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র। আঙ্গুরসহ ব্যতিক্রমী ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছে এই অঞ্চলের কৃষক।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ি, খেজমতপুর, রামনাথপুর, মিলনপুরসহ কয়েকটি গ্রামে প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু হয় আঙুর চাষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগই এখন বাণিজ্যিক রূপ নিতে শুরু করেছে।

স্থানীয় কৃষক তহিদুল ইসলাম এ পরিবর্তনের অন্যতম উদাহরণ। কয়েক বছর আগে ইউটিউব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে ছোট পরিসরে আঙুর চাষ শুরু করেন তিনি। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও ধৈর্য, শ্রম ও সঠিক পরিচর্যায় এখন তিনি সফল।

তার বাগানে এখন দেশি-বিদেশি নানা জাতের আঙুর ঝুলছে থোকায় থোকায়। স্থানীয় বাজারে এসব আঙুর বিক্রি হচ্ছে ভালো দামে।

তহিদুল বাসস’কে বলেন, ‘প্রথমে অনেকে হাসাহাসি করেছিল। এখন আমার বাগান দেখে অনেকেই আঙুর চাষে আগ্রহী হচ্ছে। আমাদের এলাকার মাটিতেও আঙুর চাষ সম্ভব-এটা প্রমাণ করতে পেরে ভালো লাগছে।’

শুধু তহিদুল নন, তার দেখাদেখি আরও অনেক কৃষক আঙুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষক মাসুদ তালুকদার জানান, তার বাগানেও প্রচুর আঙুর ধরেছে। স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। তিনি মনে করেন, পরিকল্পিতভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশেও রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

স্থানীয় বাজারে পীরগঞ্জের আঙুর ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি আঙুরের তুলনায় তাজা ও তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি। ফলে কৃষকরাও সরাসরি লাভবান হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি বিঘা জমিতে আঙুর চাষ করে ধানের তুলনায় কয়েক গুণ বেশি আয় করা সম্ভব।

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। অতিরিক্ত বৃষ্টি, রোগবালাই ও বাজারজাতকরণের সমস্যা কৃষকদের জন্য ঝুঁকি তৈরি করছে। এছাড়া মানসম্মত চারা ও আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের অভাবও একটি বড় প্রতিবন্ধকতা। এসব সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ বাসস’কে বলেন, ‘আঙুর একটি উচ্চমূল্যের ফল। আমরা চাই কৃষকরা নতুন নতুন ফসল চাষে এগিয়ে আসুক। পীরগঞ্জে আঙুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।’
তিনি আরও জানান, বড় পরিসরে বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্প্রসারিত হলে এটি শুধু কৃষকদের আয়ের পথই খুলবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com