জাকির হোসেন, পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নাম পুনরায় ‘শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’ করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির নতুন নাম হবে ‘শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’।
নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এমপিওভুক্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান নাজিরপুর সফরকালে স্থানীয় নেতাদের আবেদনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহিদ জিয়া কলেজ’ রাখা হয়।
পরবর্তীতে ২০১৫ সালের ২০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটির নাম থেকে ‘শহিদ জিয়া’ অংশটি বাদ দিয়ে ‘নাজিরপুর কলেজ’ নাম নির্ধারণ করা হয়।
কলেজটির নাম পুনর্বহাল প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর একসময় এর কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান কলেজটি পুনরায় চালুর আশ্বাস দেন এবং সে সময়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কলেজটির নামকরণ করা হয়।
তিনি আরও বলেন, ২০১৫ সালে নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছিল। পরবর্তীতে কলেজটির আগের নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি বাস্তবায়িত হয়েছে।
নাম পুনর্বহালের সিদ্ধান্তে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন নজরুল ইসলাম খান। এ জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।