নিজস্ব প্রতিবেদক : এনআরবিসি ব্যাংক কুষ্টিয়ার কুমারখালী ও সিলেটের কানাইঘাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। রোববার কুমারখালী উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে এনআরবিসি ব্যাংক জড়িত থাকায় ধন্যবাদ জানান তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন।
অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, ‘এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।’
এদিকে, একই দিনে সিলেটের কানাইঘাট উপ-শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























