এস চাঙমা সত্যজিৎঃ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রায় সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিক অসুস্থতাজনিত কারণে দীপেন দেওয়ান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।
এরপর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে তিনিও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। আর একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের হাটহাজারী আসনের এমপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।
এদিকে, দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা সন্দেহ পোষণ করছেন। স্বাস্থ্যগত অসুস্থতার কারণ দেখালেও তাঁর এই পদত্যাগের সিদ্ধান্তকে রাজনৈতিক কোন অদৃশ্য কারণ থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
কেউ কেউ মনে করছেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আবার অনেকে তাঁর পদত্যাগকে স্বাগত জানাচ্ছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















