জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এ শুভেচ্ছা জানান।
ফখরুল বলেন, জন্মাষ্টমীর এ শুভদিনে আমি হিন্দু ধর্মের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূলবাণী ‘মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ’।
তিনি বলেন, সব কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তারা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণও একই উদ্দেশে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশেও অশুভ শক্তিকে পরাভূত করে গণতন্ত্রের শুভশক্তির উত্থান ঘটাতে হবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী।
জন্মাষ্টমীর শুভক্ষণে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























