জাকির ফরাজী: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহারের উপযোগী রাখা, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জরুরি সেবার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের কোনো বিকল্প নেই। তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আওতাধীন সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় অংশগ্রহণকারী সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, তথ্য আদান-প্রদান ব্যবস্থা সচল রাখা এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























