বিদেশ যাওয়ার আগে নিরাপদ ও বৈধ অভিবাসন, সংশ্লিষ্ট দেশের আইন-কানুনসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে চাঁদপুরে বিদেশগামী কর্মীদের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার বিদেশগামী কর্মীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় (ডিইএমও) সূত্রে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলা কার্যালয় জানায়, বিদেশগামী কর্মীদের নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য প্রয়োজনীয় তথ্য দেয়াই এ ওরিয়েন্টেশন কোর্সের মূল উদ্দেশ্য। তিন দিনের প্রশিক্ষণে জেলা পর্যায়ে অভিবাসন-সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কেও কর্মীদের ধারণা দেয়া হয়। এরমধ্যে রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেরিন টেকনোলজি, প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম।
প্রশিক্ষণে বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপদ আর্থিক লেনদেন, গন্তব্য দেশের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া, কর্মপরিবেশ এবং কর্মস্থলে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি অভিবাসী আইন-২০১৩, বিদেশে কর্মীদের অধিকার ও দায়িত্ব এবং আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
বিদেশে কোনো সমস্যায় পড়লে কোথায় সহযোগিতা পাওয়া যাবে, কীভাবে অভিযোগ করতে হবে এবং অভিযোগের প্রতিকার পাওয়ার প্রক্রিয়াও প্রশিক্ষণে অবহিত করা হয়। এছাড়া মাদকের কুফল, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুফল এবং প্রবাসে বাংলাদেশের দূতাবাসের ভূমিকা ও দূতাবাসের সঙ্গে যোগাযোগের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
সৌদি আরবে মেডিকেল স্টাফ হিসেবে যেতে প্রস্তুত বাগাদীর নাসরিন আক্তার বাসস’কে বলেন, তিন দিনের প্রশিক্ষণে বিদেশে গিয়ে নিরাপদ থাকার উপায়, নিয়ম-কানুন এবং বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।
চাঁদপুর ডিইএমও’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুর রহমান বাসস’কে বলেন, বিদেশ যাওয়ার আগে একজন কর্মীর সম্ভাব্য পরিস্থিতি ও নিজের নিরাপত্তার বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। সে জন্য এ ওরিয়েন্টেশন কোর্স গুরুত্বপূর্ণ। গত ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের আজকে ২২ তারিখ পর্যন্ত প্রায় ১০ হাজার বিদেশগামী কর্মী ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিয়েছেন।
তিনি বলেন, বিদেশগামী কর্মীরা যেন সঠিক তথ্য নিয়ে বৈধ ও নিরাপদ পথে বিদেশে যেতে পারেন এবং বিদেশে গিয়ে আইন ও কর্মস্থলের নিয়ম মেনে চলতে পারেন-এটাই কোর্সের অন্যতম লক্ষ্য।
কার্যালয়ের কার্যক্রমের সময়ানুবর্তিতা প্রসঙ্গে তিনি বলেন, সকাল ৯টার মধ্যে একটি ব্যাচের প্রশিক্ষণ শেষ করে কর্মীরা বের হয়ে যান। দায়িত্ব পালনের ক্ষেত্রে এটিকে তিনি সন্তোষজনক বলে উল্লেখ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















