(নীলফামারী) প্রতিনিধি:
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ স্থানীয় খামারি, উদ্যোক্তা ও তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, উন্নত জাতের পশুপালন, টিকাদান ও প্রাণিসেবা সম্প্রসারণ এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের টেকসই উন্নয়ন ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগমুক্ত পশু পালন, উন্নত জাতের সম্প্রসারণ এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান।
তিন দিনব্যাপী এ কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















