বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। শনিবার, ২৮ নভেম্বর রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। নাট্যদল ‘থিয়েটার’ (তোপখানা) আয়োজিত এই আসরে মোট সাতজন অভিনয়শিল্পীকে পদক দেওয়া হয়। পূর্ণিমা ছাড়াও সম্মাননা পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।
এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা। তিনি বলেন, ‘এই পদকের প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের, আবেগের এবং গর্বের একটি মুহূর্ত। সত্যি বলতে, এই সম্মাননা পেয়ে আমি ভীষণভাবে আবেগাপ্লুত ও সম্মানিত বোধ করছি। আমার দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই পদক একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। একজন শিল্পীকে তার কাজের জন্য মূল্যায়ন করা, তার শিল্পসত্তাকে সম্মান জানানো—এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’
পুরস্কার গ্রহণ করছিলেন দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : অভিনেত্রীর ফেসবুক
সম্মাননার জন্য আয়োজকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পূর্ণিমা। অভিনেত্রী আরো বলেন, “একই মঞ্চে আরও অনেক গুণী ও সম্মানিত শিল্পীর সঙ্গে এই পদক গ্রহণ করতে পেরেছি, সেটিও আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি, এই পদক শুধু একটি সম্মাননা নয়, এটি একজন শিল্পীর কাজ, শ্রম, নিষ্ঠা ও দীর্ঘ পথচলার প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতীক হয়ে থাকবে। আমার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। আমাকে এই সম্মানের যোগ্য মনে করে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর বক্তব্যে পূর্ণিমা জানান, সিনেমার মানুষ হলেও মঞ্চের সঙ্গে তার কিছুটা হলেও যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘মঞ্চের সঙ্গে কিছুটা হলেও আমার কানেকশন আছে। আমি যখন ৮-৯ বছর বয়সে ছিলাম, তখন ঢাকা নান্দনিকে আমার বড় বোন মঞ্চনাটক করতেন, আমার দুলাভাই রফিকুল্লাহ সেলিম ভাই নাটক করতেন। সেই সুবাদে আমি মঞ্চে এসে ঘুরঘুর করতাম, সব দেখতাম। সুতরাং মঞ্চ আমার কাছে একেবারে অচেনা নয়।’
যদিও ক্যারিয়ারে কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি পূর্ণিমা। তবে পদকজয়ী বাকি ছয় শিল্পী— আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান প্রত্যেকেই মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















