হাফসা আক্তার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় থাকবে র্যাব। নির্বাচনের দিন ড্রোনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে ও জানিয়েছেন র্যাব–১ এর সিপিসি কোম্পানি কমান্ডার শহীদুল ইসলাম।
মঙ্গলবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে র্যাব–১ কর্মকর্তা শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ সব তথ্য জানায়।
তিনি জানান, ঢাকা–১৮ আসনের ভোটকেন্দ্র গুলোতে সার্বিক পর্যবেক্ষণ, তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ড্রোন ব্যবহার করা হবে। ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
র্যাব–১ এর সিপিসি কোম্পানী কমান্ডার আরও জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল পেট্রোল ও রোভার পেট্রোল মাঠে থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারের মাধ্যমেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে।
এছাড়াও ভোটের দিন সাদা পোশাকেও র্যাব–১ এর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
র্যাব–১ এর পক্ষ থেকে বলা হয়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।