স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল আজিজ মিয়াঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর কুড়িগ্রাম উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের (২০২৬ ব্যাচ) প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাউবির স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ডিভিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন গ্রহণের সময় বৃদ্ধি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করা হবে। তবে প্রথম বর্ষের টিউটোরিয়াল ক্লাস পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ জুলাই থেকেই শুরু হবে এবং এ সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
বাউবি কর্তৃপক্ষ কুড়িগ্রামসহ দেশের সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এদিকে, কুড়িগ্রাম জেলার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শেষ সময়ের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।