নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে শ্রমিক ও পথচারীদের সঙ্গে গণসংযোগ করেন সংগঠনের নেতারা।
মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং–ঢাকা-২৪০৫) সভাপতি মো. আনোয়ার হোসেন কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ সময় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত দাবি তুলে ধরে বক্তব্য দেন।
সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিকেরা প্রতিদিন রাজধানীর সড়কে মানুষের যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কল্যাণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি ও কল্যাণের বিষয়গুলো নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বক্তব্য শেষে মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও গণসংযোগ করেন ইউনিয়নের নেতারা।
কর্মসূচিতে সংগঠনের নতুন কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি বশিরুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন থানা এলাকার নেতাকর্মী ও ইউনিয়নের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























