আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে চলতি সপ্তাহে প্যারিস সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এই সফরে আর্জেন্টিনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আয়োজিত একটি ফোরামেও তিনি অংশ নেবেন বলে রোববার দেশটির সরকার জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন আর্জেন্টিনার অর্থনীতিতে স্থবিরতার লক্ষণ দেখা যাচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের তিন মাসের তুলনায় দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.৬ শতাংশ কমেছে।
এর এক সপ্তাহ আগে মিলে ইউরোপের সমালোচনা করে বলেছিলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ, অভিবাসন ও তথাকথিত ‘ওয়োক’ চিন্তাধারার কারণে ইউরোপ কার্যত এসবের কাছে পরাধীন হয়ে পড়েছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও তোলেন। মিলে বলেন, ইউরোপীয়রা তার মিত্র ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন, কারণ ট্রাম্প ইউরোপ কীভাবে অবনতির দিকে যাচ্ছে, সে বিষয়ে ‘সত্য কথা’ বলেন।
নিজেকে ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া কট্টরপন্থী উদারনৈতিক প্রেসিডেন্ট মিলে বৃহস্পতিবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-তে বক্তব্য দেবেন। ওই দিনই পরে তিনি ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে বৈঠক করবেন বলে সরকারের প্রকাশিত সফরসূচিতে জানানো হয়েছে।
মিলে মঙ্গলবার প্যারিসের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি সরকারি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ‘আর্জেন্টিনা উইক’ নামে এই বিনিয়োগ ফোরাম ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর মিলে সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেন। এর ফলে তার সরকার বাজেট উদ্বৃত্ত অর্জন করতে সক্ষম হয়েছে এবং একসময় তিন অঙ্কে থাকা মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার প্রায় ৩৫ শতাংশে নেমে এসেছে।
তবে টানা তিন বছরের কৃচ্ছ্রসাধন বা সরকারি ব্যয় কমানোর নীতির কারণে লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিল্প খাত, কর্মসংস্থান ও মানুষের ভোগব্যয় দুর্বল হয়ে পড়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























