দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এই প্রথমবারের মতো পুরোপুরি পেসনির্ভর আক্রমণ সাজাল বাংলাদেশ দল।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হতে সাড়ে তিন ঘণ্টা দেরি হয়। এই ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সুপারস্পোর্ট পার্কের পেসসহায়ক কন্ডিশন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দল।
এর আগে বাংলাদেশ চার পেসার নিয়ে টেস্ট খেলেছে। তবে সেসব ম্যাচে খন্ডকালীন পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার ছিলেন।
এর সর্বশেষ উদাহরণ ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট। ওই ম্যাচে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার পেস আক্রমণে ছিলেন। মূলত ব্যাটিং অলরাউন্ডার সৌম্য নিউজিল্যান্ডের ইনিংসে ২১ ওভার বোলিং করেছিলেন।
সৌম্যের আগে বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদও বেশ কয়েকটি টেস্টে চতুর্থ পেস বোলিংয়ের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নস টেস্টে চার নিয়মিত পেসার নিয়ে মাঠে নেমেছিল। ওই আক্রমণে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, আনোয়ার হোসেন ও খালেদ মাহমুদ। খালেদ ছিলেন মিডিয়াম পেসার ও বোলিং অলরাউন্ডার।
২০০১ সালে বুলাওয়ে টেস্টেও চার পেস বোলিংয়ের বিকল্প ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে হাসিবুল হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম ও মোহাম্মদ শরীফের সঙ্গে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার মুশফিক বাবু।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























