সুস্থ জীবনধারা বজায় রাখার লক্ষ্যে খাদ্য বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা ও সুষম পুষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুস্বাস্থ্যের জন্য খাদ্য বৈচিত্র্য ও প্রয়োগিক পুষ্টি (ডায়েটারি ডাইভারর্সিটি এন্ড এপ্লাাইড নিউট্রিশন ফর গুড হেলথ)- শীর্ষক এক সেমিনারে তারা এ গুরুত্ব তুলে ধরেন।
গতরাতে এখানে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড নিউট্রিশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (বারটান) সেমিনারটির আয়োজন করে। এতে বিভিন্ন সংস্থার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বারটান-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। পীরগঞ্জে অবস্থিত বারি-টার্ক’র আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাদেকুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জেলা প্রশাসক খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ থেকে শুরু করে প্রস্তুত ও গ্রহণ-খাদ্য চক্রের প্রতিটি ধাপের সাথেই স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজ্জাক বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতোই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য।
ড. সাদেকুল ইসলাম সুষম খাদ্য গ্রহণ, অধিক পরিমাণে শাকসবজি খাওয়া, তেলের ব্যবহার সীমিত রাখা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে শরীরের আদর্শ ওজন বজায় রাখার পরামর্শ দেন।
সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম ও সভিল সার্জন ডা. মো. আনিসুর রহমানও বক্তব্য রাখেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 












