নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জার্মান রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জার্মানি দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে কাজ করছে। বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, বৃত্তি কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















