বিশেষ প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে পুরোনো দিনের একটি সিঙ্গার ভিএইচএস ভিডিও ক্যাসেট প্লেয়ার খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় উপহার দিয়েছেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ. এইচ. এম. জামাল উদ্দীন। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে ঐতিহ্যবাহী এই সামগ্রীটি তুলে দেওয়া হয়। উপহার হিসেবে দেওয়া ভিএইচএস ভিডিও ক্যাসেট প্লেয়ারটির মডেল এসভিআর–১১৮১ডি। এটি ১৯৯০-এর দশকের ভিডিও প্রযুক্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। যন্ত্রটি বাংলাদেশে তৈরি এবং এর বিদ্যুৎ খরচ ১৭ ওয়াট। একসময় ভিএইচএস ক্যাসেটের মাধ্যমে সিনেমা, বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিশেষ মুহূর্তের ভিডিও দেখা ও সংরক্ষণ করা হতো। ক্যামেরায় ধারণ করা স্মরণীয় মুহূর্তগুলো ভিডিও ক্যাসেটে সংরক্ষণ করে এই ধরনের যন্ত্রের সাহায্যে মানুষ পরবর্তীতে সেগুলো বারবার দেখতেন। ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহারের আগে ঘরে বসে ভিডিও বিনোদন উপভোগ এবং পারিবারিক স্মৃতি সংরক্ষণে ভিএইচএস ভিডিও প্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিচালিত খুলনা আর্ট একাডেমির শ্রেণিকক্ষে দেশীয় ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরোনো সামগ্রী নিয়ে গড়ে উঠেছে এই ঐতিহ্য সংরক্ষণশালা। নিজের পিতার ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের মধ্য দিয়ে যার যাত্রা শুরু, সময়ের সঙ্গে তা ব্যক্তিগত শখ থেকে একটি বৃহৎ সংগ্রহে রূপ নিয়েছে।
বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে এই সংগ্রহশালার কার্যক্রম মানুষের কাছে পরিচিতি পেয়েছে। খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ. এইচ. এম. জামাল উদ্দীন ২৯ সেপ্টেম্বর বিকেলে মোবাইল ফোনে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির নিজস্ব ব্যবহৃত পুরোনো ভিএইচএস ভিডিও ক্যাসেট প্লেয়ারটি সংরক্ষণশালায় উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সন্ধ্যার পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস বাংলাদেশ ডিবেটিং সোসাইটি থেকে সামগ্রীটি গ্রহণ করেন। পুরোনো দিনের ব্যবহৃত সামগ্রী, দুর্লভ নথি ও ঐতিহ্যবাহী উপকরণ সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অতীতের স্মৃতি, জীবনযাপন, প্রযুক্তি ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করছে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা। সেই দৃষ্টিকোণ থেকে এই ভিএইচএস ভিডিও প্লেয়ারটি শুধু একটি পুরোনো ইলেকট্রনিক সামগ্রী নয়; এটি একসময়ের মানুষের জীবনযাপন, বিনোদন এবং পারিবারিক স্মৃতি সংরক্ষণের প্রযুক্তিরও একটি স্মারক। এ. এইচ. এম. জামাল উদ্দীনের উপহারটি তাই সংরক্ষণশালার সংগ্রহকে আরও সমৃদ্ধ করেছে।
উপহারটি গ্রহণ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “পুরোনো দিনের একটি সামগ্রী শুধু একটি বস্তু নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সময়, মানুষের জীবনযাপন ও স্মৃতি। সমাজের সচেতন মানুষ যখন নিজেদের কাছে থাকা পুরোনো ও ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণের জন্য এগিয়ে আসেন, তখন আমাদের ঐতিহ্য রক্ষার কাজ আরও শক্তিশালী হয়।” এ সময় উপস্থিত ছিলেন খুলনার একটি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. গোলাম আজম, কৃষিবিজ্ঞানী ড. মো. হারুন অর রশিদ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শেখ আকরাম হোসেন দোলন, বিখ্যাত জাদুশিল্পী এন. সায়মন, মাসিক নয়াদিগন্তের উপদেষ্টা অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং গেইন্স স্কুলের কো-অর্ডিনেটর শুভ রায়। উল্লেখ্য, চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগে ২০২২ সাল থেকে খুলনা আর্ট একাডেমিতে ঐতিহ্য সংরক্ষণশালার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এখানে ৩০০-এর বেশি ধরনের পুরোনো, ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় সামগ্রী সংরক্ষিত রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই সংগ্রহশালা পরিদর্শনে আসেন।এ. এইচ. এম. জামাল উদ্দীনের এই উপহার ঐতিহ্য সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি ও অতীতের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে আরও উৎসাহিত করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















