আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে
১২ নভেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার,
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন আল আমিন বাইক সার্ভিস দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল করিম পাগলা (৬২) নামের এক মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম মাধবদী থানার চাঁনগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিপূর্বে গাঁজা সংক্রান্ত ২৪টি ও ইয়াবা সংক্রান্ত ২টিসহ সর্বমোট ২৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিবপুর থানাধীন পুরানদিয়া এলাকার বাসিন্দা আসিফ ওরফে রাব্বি (২৩) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রায়পুরা থানাধীন মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দা ফ্যাক্টরির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট ডিউটি পালনকালে শ্রী দুলাল রবি দাশ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে জুতা পলিশের কাজে ব্যবহৃত একটি বক্সের ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে নিরব নামের আরও একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে ১ জন, সিআর পরোয়ানামূলে ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনসহ সর্বমোট ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
১২ নভেম্বর দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিবপুর থানার একটি চাঁদাবাজী মামলার এজাহারনামীয় আসামি মোঃ শফিকুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়া আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামের বাড়ি বেলাব থানার বটেশ্বর এলাকায় এবং তার বর্তমান ঠিকানা নরসিংদী সদর থানার ভেলানগর পশ্চিম মানিক রোড এলাকায়। অপরদিকে, সাজাপ্রাপ্ত আসামি হাদিকুল ইসলামের বাড়ি মনোহরদী থানার রামপুর পশ্চিমপাড়া এলাকায়।
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















