নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুন্না ব্যাপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. রিপন ওরফে বাচ্চা রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-২।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) র্যাব-২-এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন রিং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া রিপন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগের আদাবর থানার একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। তার বিরুদ্ধে নাশকতা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাবের প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে আদাবর-১৩ এলাকায় নিজ বাসার সামনে যুবদল নেতা মুন্না ব্যাপারীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া রিপন ১০ থেকে ১২ জন সহযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে মুন্না ব্যাপারীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ইউসুফ আলী (৬২) বাদী হয়ে রিপনকে প্রধান আসামি করে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার নম্বর: আদাবর থানা মামলা নং-০২, তারিখ ০১/১১/২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নাশকতা ও একাধিক মামলার অভিযোগ
র্যাবের তথ্যমতে, আটক রিপন আদাবর থানা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনে মামলার তথ্যও রয়েছে বলে জানিয়েছে র্যাব।
অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত
র্যাব-২ সূত্রে আরও জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। কেউ যেন কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















