ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ফাইনাল মানেই আলাদা উন্মাদনা। আর সেই মহারণের আয়োজক হতে চায় তিন দেশ। তবে লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান। তার দাবি, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের একমাত্র উপযুক্ত দেশ স্পেন।
পরবর্তী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও শিরোপা নির্ধারণী ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ফিফা।
মঙ্গলবার মাদ্রিদে ‘এক্সপানসিওন অ্যান্ড মার্কা বিজনেস স্পোর্ট ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় লৌজান বলেন, ‘এটি ইউরোপীয় মহাদেশের বিশ্বকাপ। সে কারণে এটি স্পেন ও পর্তুগালেরও বিশ্বকাপ।
‘পর্তুগাল অবশ্য ফাইনাল আয়োজনের প্রস্তাব থেকে সরে এসেছে। কারণ দেশটিতে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার কোনো স্টেডিয়াম নেই।
‘তাই ফাইনাল শুধু স্পেনেই হতে পারে এবং সেখানেই হবে। এখন আমাদের চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব বিষয়টি নিজেদের মধ্যে চূড়ান্ত করা। ফিফার কর্মকর্তাদেরও আমি এ কথা বলেছি।’
লৌজান নিশ্চিত করেছেন, ২০২৪ সালে জমা দেওয়া যৌথ আয়োজক হওয়ার প্রস্তাবে ফাইনালের জন্য তিনটি সম্ভাব্য ভেন্যুর নাম উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে স্পেনের দুটি স্টেডিয়াম, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু। অন্যটি মরক্কোর একটি স্টেডিয়াম।
মরক্কো পরিকল্পিত ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার কিং হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়। চলতি বছরের গ্রীষ্মে ফিফা এমন একটি প্রতিবেদন অস্বীকার করেছিল, যেখানে বলা হয়েছিল, ফিফা সভাপতি পদে সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন।
স্পেনের বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইজো সম্প্রতি বলেছেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে তাঁর দেশের বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসা উচিত।
মঙ্গলবার এ বিষয়ে লৌজান আরও বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি যদি আগেই নিষ্পত্তি করা যেত, তাহলে খুব ভালো হতো। কারণ, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে ২০২৮ সালের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না।’
২০৩০ বিশ্বকাপ শুরু হবে উরুগুয়ের মন্টেভিডিও, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স ও প্যারাগুয়ের আসুনসিওনে। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে আইবেরীয় উপদ্বীপ ও মরক্কোয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















