ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে প্রায় ৫ হাজার ৭০০ মানুষের মৃত্যুর পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) আক্রান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার আকুল আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।
গতকাল রোববার তিনি বলেন, দেশটির পূর্বাঞ্চলে অক্টোবরের শেষ দিক থেকে হামলা ও সংঘাতের ঘটনা বেড়েছে। এতে ইবোলা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস বলেন, ‘গতকাল থেকে ইতুরি প্রদেশের একটি হাসপাতালের আশপাশে তীব্র সংঘর্ষ চলছে। এলাকাটি ইবোলার প্রাদুর্ভাব প্রথম যেখানে শুরু হয়েছিল, তার কাছাকাছি।’
তিনি জানান, ওই হাসপাতালের প্রসূতি বিভাগে আশ্রয় নিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
তেদরোস বলেন, ‘এই পরিস্থিতির কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ইবোলা মোকাবিলার সামগ্রিক উদ্যোগ ব্যাহত হচ্ছে। এতে রোগী, তাদের স্বজন এবং স্বাস্থ্যকর্মীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন।’
তিনি আরও জানান, হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসাকর্মী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তেদরোস বলেন, ‘সবচেয়ে কার্যকর ওষুধ হলো শান্তি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মধ্য আফ্রিকার বিশাল আয়তনের দেশ ডিআর কঙ্গোতে এ পর্যন্ত ইবোলায় আক্রান্ত ১১ হাজার ৬১৩ জনের মধ্যে ৫ হাজার ৬৭৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এটি দেশটির ইতিহাসে ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব।
দেশটির পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এসব অঞ্চলে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সহিংসতা ও সংঘাত চলছে।
শনিবার প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কিছু এলাকায় সংক্রমণের সংখ্যা সামান্য কমলেও সামগ্রিকভাবে দেশটিতে এখনো উচ্চমাত্রায় সংক্রমণ অব্যাহত রয়েছে।
ইতুরি ও উত্তর কিভু প্রদেশ এখনো সবচেয়ে বেশি আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, বিশেষ করে ছোট শিশুদের মধ্যে চিকিৎসাকেন্দ্রের বাইরে, অর্থাৎ নিজ নিজ বাড়ি ও এলাকায় মৃত্যুর উচ্চ হার অব্যাহত রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখনো বড় ধরনের সমস্যা রয়েছে।
ইবোলার এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত বহাল রেখেছেন তেদরোস।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























