সিটিজেন নিউজ ডেস্ক: নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তাহলে কেমন হয়? বাজারের জ্যাম বা জেলিতে নিম্নমানের রং বা ক্ষতিকর ক্যামিকেল মেশানোর নিউজ আমরা প্রায়ই দেখে থাকি। পরিবারের সবার স্বাস্থ্যের কথা ভেবে আমরা কিন্তু বাসাতেই জ্যাম বানিয়ে নিতে পারি। স্ট্রবেরি তো আমাদের সবার পছন্দ। স্ট্রবেরি দিয়ে জ্যাম বানানো যেমন সহজ, তেমনি ব্রেডের সাথে খেতেও মজা লাগে। চলুন, স্ট্রবেরি জ্যাম বানানোর পুরো রেসিপিটি জেনে নেই।
তৈরি করতে যা লাগবে
স্ট্রবেরি- ১ কেজি
চিনি- ৭৫০ গ্রাম
বিজ্ঞাপন
লেবুর রস- ১টি।
যেভাবে তৈরি করবেন: স্ট্রবেরিগুলো ধুয়ে টুকরা করে কেটে নিন। রান্নার পাত্রে স্ট্রবেরি, চিনি এবং লেবুর রস দিন। এবার মাঝারি আঁচে ফুটাতে থাকুন। ঘনঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে প্রায় আধা ঘণ্টা রান্না করতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। উপরে ফেনা জমলে তা চামচের সাহায্যে তুলে ফেলুন। এ পর্যায়ে একটি প্লেটে কিছুটা জ্যাম তুলে রাখুন। যদি জমে যায় তাহলে বুঝবেন জ্যাম তৈরি। এবার নামিয়ে ঠান্ডা করে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন।