হাফসা আক্তার :
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১২ জুন রাত আনুমানিক ১টায় শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান গ্লাস ব্রিজের সামনে অজ্ঞাত ২-৩ জন ছিনতাইকারী অটোরিক্সা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ মোটরসাইকেল নিয়ে তাদের ধরতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ২টা ৩০ মিনিটে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত দুইজন হলেন:
১. এসআই সামসুজ্জোহা, ৩৪, বিপি নং-৯২১৯২৫৯, শেরেবাংলা নগর থানায় কর্মরত। তার বাম কাঁধের উপরে ছুরির আঘাত রয়েছে।
২. কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন, ২০, বিপি নং-০৫২৬২৬৪৯৬৮, পিওএম, বি কোম্পানিতে কর্মরত। তারও বাম কাঁধের উপরে ছুরির আঘাত লেগেছে।
শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন:
১. রকি, ২৪, পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-মিতো রানু, সাং-শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, থানা-শাহবাগ, ঢাকা।
২. মো. রাজু, ২৫, পিতা-আব্দুর রউফ, মাতা-পারুল বেগম, সাং-ডাউখরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।