মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে জেলা প্রশাসকের (ডিসি) বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ জুন বিকাল ৬ টায় ওলামা মাশায়েখ পরিষদ, তালা উপজেলা শাখার আয়োজনে মোঃ ওহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা ওলামা- মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসকের দেওয়া অনভিপ্রেত বক্তব্যটি সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং পুরো জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে বসবাস করে আসছে। কোনো দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে জেলার সাধারণ জনগণকে এভাবে ঢালাওভাবে ‘ধর্মান্ধ’ আখ্যা দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
সমাবেশ থেকে অনতিবিলম্বে জেলা প্রশাসকের এই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ কর্মসূচির হুঁশিয়ারি দেন আলেম-ওলামারা। বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত সর্বস্তরের জনতা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।