হাফসা আক্তারঃ
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সামার কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এমপি, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বদরুদ্দজা বাদল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন এবং সামার কনভেনশনের সেক্রেটারি অ্যাডভোকেট বোরহান খান।
অনুষ্ঠানে সমিতির ৩০ বছরের পথচলা, আইন পেশার উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় সংগীতশিল্পী নাইম মুর্তজা ও তার ব্যান্ড বেংগল বয়েজ পরিবেশন করবেন জনপ্রিয় সব গান। তাদের পরিবেশনায় উৎসবমুখর পরিবেশে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশের বিপুলসংখ্যক আইনজীবী, বিচারাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















