জেলার মনোহরদী উপজেলায় বাল্য বিবাহের আয়োজন পণ্ড করে সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার এবং মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি বাল্য বিবাহ বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাচাই-বাছাই করে কনের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ১৪ বছর ৩ মাস ৭ দিন । মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ফলে বিয়ের আয়োজনটি বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে তা বন্ধ করা হয়।
এ ঘটনায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী সংশ্লিষ্টদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়ের অভিভাবকদের কাছ থেকে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় বিয়ের চেষ্টা করবেন না-মর্মে লিখিত মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
জেলা প্রশাসন জানিয়েছে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















