মীম আক্তার :
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে নিয়মিত অভিযান হিসেবে রাজধানীর উত্তরার একটি অবৈধ মদেরবার ও জুয়ার ক্লাবে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় ১৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৭৭৯টি মদের বোতল ও বিয়ার ক্যান (মোট ৪৭০.৮৬ লিটার) জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ‘আজিজ স্কয়ার’-এর ৫ম তলায় অবস্থিত ‘উত্তরা লিবার্টি ক্লাবে’ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উত্তরা লিবার্টি ক্লাবের সহকারী ম্যানেজার মোঃ রাসেল (২৮) ও ক্লাবের কম্পিউটার অপারেটর মোঃ নয়ন মিয়া (৩৮)। মোঃ রাসেল বাগেরহাটের মোড়লগঞ্জ থানার উত্তর সুতাল লরী গ্রামের মোঃ অলি উর রহমানের ছেলে এবং নয়ন মিয়া ঢাকার বাড্ডা এলাকার মোঃ নবি হোসেনের ছেলে।
র্যাব জানায়, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ তথ্যভিত্তিক অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ক্লাবের সভাপতি ও অন্যান্য কর্মচারীরা কৌশলে পালিয়ে যান। জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ক্লাবের সভাপতিসহ পলাতক ব্যক্তিদের গ্রেফতার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















