রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেছেন, পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করতে হবে।
গতকাল বুধবার রাজশাহী জেলা পুলিশের পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেন তিনি।
এ সময় তিনি ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
এর আগে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডিআইজি মহোদয় রাজশাহী জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















