নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম দেখিয়ে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন আবেদনে ডনকে শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উল্লেখ করে তার মুক্তি চাওয়া হয়। আবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যুর দুইটি সুরতহাল, দুইটি পোস্টমর্টেম, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ রয়েছে। এ কারণে ডন জামিন পাওয়ার অধিকারী বলেও দাবি করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে ডনকে কারাগারে পাঠানো হয়। সিআইডি আদালতকে জানায়, জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। মামলার ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তার আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও দাবি করে সিআইডি।
গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















