জেলার সীমান্তবর্তী তিন উপজেলায় ভারতের অংশে কাঁটাতারের বেড়া ও সীমান্তের নানা প্রতিবন্ধকতায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে বন্য হাতির। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে হাতির পাল। হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়ায় একদিকে যেমন হাতির জীবন ঝুঁকির মুখে পড়েছে, অন্যদিকে বাড়ছে মানুষ ও হাতির সংঘাতের আশঙ্কা।
শেরপুরের ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মো.আব্দল্লাহ আল আমিন বাসস’কে বলেন, শেরপুর ও জামালপুর জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে রয়েছে বন্য হাতির বিচরণক্ষেত্র। এই অঞ্চলে প্রায় ১৩০ থেকে ১৪০টি বন্য হাতির একটি বড় পাল রয়েছে। খাবার, পানি ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এসব হাতি নিয়মিত এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করে।
তিনি জানান, শেরপুর সীমান্তের ওপারে ভারতের অংশে কাঁটাতারের বেড়া দেওয়ায় হাতির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। হাতির খাদ্য ও বিচরণক্ষেত্র সংকুচিত হওয়া এবং সীমান্তে অবাধ চলাচলের সুযোগ না থাকায় হাতির পাল লোকালয়ের দিকে চলে আসে। ফলে শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলাসহ সীমান্তবর্তী এলাকায় মানুষ ও বন্য হাতির সংঘাত দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের প্রাণহানি, ফসলের ক্ষতি, বসতবাড়ি ভাঙচুর এবং হাতির মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
রেঞ্জ কর্মকর্তা বলেন, খাদ্য, পানি ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে হাতি স্বভাবগতভাবেই এক বন থেকে অন্য বনে যাতায়াত করে। তাই হাতির দীর্ঘদিনের বিচরণ পথ বন্ধ হয়ে গেলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং মানুষের সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৩ বছরে এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে মারা গেছে ৩৩টি হাতি এবং ৩৪ জন মানুষ। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির বিচরণ রয়েছে। ভারতের মেঘালয় পাহাড়সংলগ্ন বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে হাতির পাল প্রায়ই বাংলাদেশের সীমান্তবর্তী লোকালয়ে চলে আসে। বিশেষ করে ধান, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ফসল পাকলে হাতির আনাগোনা বেড়ে যায়। এতে ফসলের ক্ষতি হয়। বসতবাড়িও আক্রান্ত হয়। প্রাণহানির ঘটনাও ঘটে।
সূত্র জানায়, ২০০০ সালের দিকে ভারতের মেঘালয় রাজ্য থেকে ১৫ থেকে ২০টি বন্য হাতি বাংলাদেশের গারো পাহাড় এলাকায় আসে। পরবর্তী সময়ে বংশ বিস্তারের ফলে হাতির সংখ্যা দিনদিন বাড়তে থাকে। ২০০৭ সালে বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্য সংলগ্ন শেরপুর এলাকায় কয়েক কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। সেসময় হাতির চলাচলের সুবিধার্থে ৪৪টি গেট ও নদী-ছড়ার ওপর ১১টি আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কিন্তু, অজানা কারণে সেই গেটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাতির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে মেঘালয় থেকে আসা হাতিগুলো আর নিজ আবাসস্থলে ফিরতে পারেনি।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বন্য হাতি অত্যন্ত সংবেদনশীল। খাবার, পানি ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা দীর্ঘ পথ অতিক্রম করে। কিন্তু চলাচলের পথ সংকুচিত হয়ে গেলে হাতি আটকে পড়ে। বাধার মুখে পড়ে উত্তেজিত হাতি মানুষের জমিজমা ও বসতবাড়িতে আক্রমণ করে। এতে নষ্ট হয় ক্ষেতের ফসল। প্রাণহানির মতো ঘটনাও ঘটে।
তারা বলেন, মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে সীমান্তবর্তী বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতির আবাসস্থল ও খাদ্যের উৎস ধ্বংস হলে তারা বাধ্য হয়েই লোকালয়ের দিকে চলে আসে। তাই বনভূমি রক্ষা, খাদ্য ও পানির প্রাকৃতিক উৎস সংরক্ষণ এবং হাতির চলাচলের পথ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
শেরপুর সীমান্তে হাতির চলাচল নিয়ে তৈরি হওয়া এই উদ্বেগ কেবল বন্য প্রাণী সংরক্ষণের বিষয় নয়। এটি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, কৃষি ও জীবিকার জন্যও উদ্বেগের । তাই কাঁটাতারের বেড়া ও অন্যান্য সীমান্ত প্রতিবন্ধকতার প্রভাব পর্যালোচনা করে হাতির নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে মানুষ ও হাতির সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীর কৃষকদের অভিযোগ, হাতির পাল মাঠে প্রবেশ করলে মুহূর্তের মধ্যে ধান, ভুট্টা ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। অনেক সময় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রাতের বেলায় হাতির আগমন ঘটায় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। অনেকসময় হাতি ও মানুষের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমচড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোনা ও দাওধারা-কাটাবাড়ীসহ হাতি চলাচলের পথে পরীক্ষামূলকভাবে ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা বসানো হয়েছে।
এসব ক্যামেরায় বন্যহাতি শনাক্ত হলে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক মিনিটেই মোবাইল ফোনে সতর্কবার্তা পৌঁছে যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সতর্ক করেন। তবে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় আরও বেশি ক্যামেরা বসানো জরুরি বলে মনে করেন স্থানীয়রা।
সমচূড়া বিটের ইআরটি সভাপতি আরফান আলী বলেন, অতীতে লোকালয় বা ফসলি জমিতে হাতি আসার খবর আমরা আগে থেকে জানতে পারতাম না। তাই হঠাৎ সামনে হাতি এলে সবাই আতঙ্কিত হয়ে পড়তেন। এখন ক্যামেরার মাধ্যমে আগেই খবর মেলে। এলাকায় হাতির আক্রমণও অনেকটা কমেছে।
স্থানীয় কৃষক জুলহাস উদ্দিন বলেন, ক্যামেরা স্থাপনের কারণে লোকালয়ে হাতি প্রবেশের আগাম খবর পাওয়া যায়। এতে আমরা আগেই নিরাপদ জায়গায় সরে যেতে পারি। এজন্য জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমেেেছ।
মধুটিলা রেঞ্জ এলাকার কৃষক সাদেক মিয়া বলেন, হাতির পাল বনে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষিত উদ্ধার ও ব্যবস্থাপনা দল থাকা প্রয়োজন। একই সাথে হাতিকে বিরক্ত করা, আঘাত করা কিংবা বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে তাড়ানোর মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে সচেতনতা বাড়াতে হবে।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে নালিতাবাড়ীর উপদ্রুত এলাকায় পাঁচ কিলোমিটার বায়ো ফেন্সিং এবং পাঁচ হেক্টর জমিতে হাতির খাদ্যোপযোগী বাঁশবাগান তৈরির কাজ চলমান। এটি তৈরি হলে হাতি মানুষের দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, শেরপুরের সীমান্তবর্তী ৩টি উপজেলার রাংটিয়াতে ৮টি, বালিজুড়িতে ১৫টি এবং মধুটিলাতে ৮টি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) রয়েছে। প্রতি টিমে ১০জন করে সদস্য আছে। যে সব এলাকায় বন্য হাতির উপদ্রব রয়েছে সেখান থেকে তারা হাতিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এজন্য তারা একটি প্রকল্পের আওতায় প্রতিদিন ৫০০ টাকা করে সম্মানী পেয়ে থাকেন। এছাড়া রাতে পাহাড়ি এলাকায় ইআরটি সদস্যদের দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে টর্চ লাইট, সার্চ লাইট ও কেরোসিনের ব্যবস্থা করা হয়। অনেক সময় এসবের খরচ স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বহন করেন।
শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্-এর নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি বাসস’কে বলেন, ২০১৬ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, শেরপুর-জামালপুর ও হালুয়াঘাট সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্য হাতির চলাচলের জন্য ৪৪টি গেট এবং ১১টি নদী ও ছড়া পারাপারের পথ ছিল। এসব পথ দিয়েই হাতির পাল ঐতিহ্যগতভাবে দুই দেশের বনাঞ্চলে যাতায়াত করত। কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে হাতির চলাচলের এসব প্রাকৃতিক ও প্রচলিত পথ বাধাগ্রস্ত হয়েছে। এতে হাতির অবাধ বিচরণক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে।
তিনি বলেন, বন্য হাতি কিংবা অন্য কোনো বন্যপ্রাণীর নিজস্ব কোনো দেশ বা আন্তর্জাতিক সীমানা নেই। বংশপরম্পরায় তারা তাদের প্রাকৃতিক আবাসস্থল ও বিচরণক্ষেত্রে চলাচল করে। তাই আন্তর্জাতিক সীমান্তের কারণে তাদের স্বাভাবিক চলাচলের পথ বন্ধ করে দেওয়া হলে শুধু বন্যপ্রাণীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে না, এর বিরূপ প্রভাব পড়বে পরিবেশ ও মানুষের জীবনেও। তাই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে হাতির ঐতিহ্যগত চলাচলের পথ ও আবাসস্থল সংরক্ষণ করা জরুরি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























