রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত সুজন মিয়া ও শহীদ নামে দুই ব্যক্তি পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সংস্থাটির একটি দল।
ডিএনসি সূত্রে জানা যায়, মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় জামাইবাজার ইউনিট-১, ব্লক-কে, মুক্তারের পানির ট্যাংকির গলিতে মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে। সেখানে ভাড়াটিয়া মোঃ ইব্রাহিম খলিল, মোঃ সুজন মিয়া ও শহীদের ভাড়া নেওয়া একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মোঃ ইব্রাহিম খলিল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই এলাকায় মাদক ব্যবসার অর্থ লেনদেন ও হিসাব-নিকাশের কাজে ক্যাশিয়ার হিসেবে নিয়োজিত থাকার অভিযোগে রমজান আলী (৩০) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে সব মিলিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা, ১ লাখ ৮৮ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানায়, পলাতক সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭) কড়াইল বস্তি এলাকার বিভিন্ন মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মোঃ এমদাদুল হক খাঁন এবং উপপরিদর্শক মোঃ আবির হাসান।
মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রিন্ট
হাফসা আক্তারঃ 




















