জিএম রাসেদুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় জনমহলে আলোচনায় রয়েছেন সমাজসেবক ও সংগঠক মোঃ রাশেদুল ইসলাম রোমান। সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম রোমান একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বড় দাদা মরহুম রহমতুল্লাহ বেপারী দীর্ঘ প্রায় ৩৫ বছর হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় উন্নয়নে তার অবদান আজও এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে।
রোমানের বাবা আলহাজ্ব আব্দুস সাত্তার বেপারী একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি দীর্ঘদিন পল্লী চিকিৎসক হিসেবে এলাকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
রাজনৈতিক ও সাংগঠনিক জীবনেও রাশেদুল ইসলাম রোমানের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ২০১৪ ও ২০১৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রোকন এবং পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল হিসেবে কাজ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, শিক্ষা, সামাজিক মূল্যবোধ, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার মানসিকতা তাকে ইউনিয়নের নেতৃত্বে একটি সম্ভাবনাময় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাশেদুল ইসলাম রোমান বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের কল্যাণে কাজ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি উন্নত ও মানবিক সমাজ গঠন এবং হলোখানা ইউনিয়নের সার্বিক উন্নয়নে অবদান রাখাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে যেতে চান।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় রাশেদুল ইসলাম রোমানের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।