মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফিরোজ আলম (দুলু)। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার প্রচারণামূলক ব্যানার ও গণসংযোগ কার্যক্রম স্থানীয়দের নজর কেড়েছে।
প্রচারণায় তিনি একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারের সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
ব্যানারে উল্লেখ করা হয়েছে, “আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ” এবং “দোয়া চাই, সেবা করার সুযোগ চাই”। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
মোঃ ফিরোজ আলম (দুলু) বিএ, বিপিএড ডিগ্রিধারী এবং কাঠালবাড়ী নূরুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক। পাশাপাশি তিনি কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি একজন পরিচিত মুখ। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই।
নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে কাঠালবাড়ী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ ফিরোজ আলম (দুলুর) নামও স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে।