নিজস্ব প্রতিবেদকঃআদাবর থানা বিএনপির নেতা মনোয়ার হোসেন জীবন বলেছেন, মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের কারণে অনেক সময় ভালো উদ্যোগ বাধাগ্রস্ত হয়। তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও দলের প্রতি তাঁর আনুগত্যে কখনো বিচ্যুতি ঘটেনি।
এক বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদান তাঁকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
মনোয়ার হোসেন জীবন বলেন, দলের দুঃসময়ে তিনি সবসময় সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তবে দলের ভেতরে কিছু মানুষের কারণে তাঁকে বারবার নানা অপপ্রচার ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে রাজনৈতিক কারণে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকাকালে মায়ের মৃত্যুর পর মাত্র এক ঘণ্টার জন্য প্যারোলে এসে দাফনে অংশ নিয়ে আবার কারাগারে ফিরে যেতে হয়। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিবারের পাশে থাকতে পারেননি; এমনকি সন্তানের জন্মের সময়ও উপস্থিত থাকতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এত ত্যাগের পরও আমি কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। আজও বিএনপির আদর্শে বিশ্বাস করি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।
মনোয়ার হোসেন জীবন অভিযোগ করেন, একটি মহল ব্যক্তিস্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। সত্য কোনোদিন চাপা থাকে না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছরে যারা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।বক্তব্যের শেষে তিনি বিএনপির প্রতি নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করে বলেন, দলের প্রয়োজনে ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















