সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রথম আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী এ অঙ্গীকারের কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা। কোনো সহকর্মী সাংবাদিক হামলা, মামলা, জুলুম, নির্যাতন কিংবা অন্যায়-অবিচারের শিকার হলে আমরা সম্মিলিতভাবে তাঁর পাশে দাঁড়াব।
তিনি আরও বলেন, একজন সাংবাদিক সত্যের সন্ধানে ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় সন্ত্রাসী, অপরাধী ও প্রভাবশালী মহলের রোষানলে পড়েন। সাধারণ মানুষের ন্যায়বিচার, অধিকার ও জনস্বার্থে সাংবাদিকদের কলম যেন থেমে না যায়, সে জন্য আমরা কাজ করতে চাই। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমাদের কলম চলবে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য।
আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক সহকর্মী সমস্যায় পড়লে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশ তাঁর পাশে থাকবে, ইনশাআল্লাহ। প্রয়োজনে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাব।
মোহাম্মদপুর থানা শাখায় নতুন নেতৃত্ব ঘোষণা,
সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঢাকার বিভিন্ন থানায় পর্যায়ক্রমে কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদপুর থানা শাখার সভাপতি হিসেবে সাংবাদিক মোঃ শাফায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মোঃ শাফায়েত হোসেন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় বসবাস করছেন। স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি, সামাজিক যোগাযোগ এবং দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকতা করার অভিজ্ঞতা বিবেচনায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দৈনিক ঘোষণা ও দৈনিক আমাদের মাতৃভূমিতে দায়িত্বশীল অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া দৈনিক ঢাকা পত্রিকার দায়িত্বশীল অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।
দেশ-বিদেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮৫টি থানা কমিটি গঠনের উদ্যোগ ও কার্যক্রম রয়েছে। পাশাপাশি বিশ্বের ২৩টি দেশে সংগঠনের কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। অন্যান্য দেশেও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের কাজ চলছে।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়। একজন সাংবাদিকের বিপদে আরেকজন সাংবাদিক এগিয়ে আসবেন,এটাই হওয়া উচিত সাংবাদিক সমাজের প্রকৃত ঐক্য। আমরা চাই, কোনো সাংবাদিক যেন অন্যায়ের শিকার হয়ে একা না থাকেন।
তাঁরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে নিঃস্বার্থভাবে সহকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আমাদের অঙ্গীকার,সত্যের পক্ষে কলম চলবে, সাংবাদিকের বিপদে সাংবাদিক দাঁড়াবে। ঐক্য, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই একসঙ্গে কাজ করব।
প্রিন্ট
শাফায়েত হোসেন 





















