এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে ম্যাচিং মারমা (১১) নামে এক শিশুর সলিল সমাধি হয়েছে।
আজ সোমবার ৬ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক পৌনে ২টায় পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উগ্যজাই পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। ম্যাচিং মারমা উগ্যজাই মারমার পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর ম্যাচিং নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে লাফালাফির সময় হঠাৎ সে ডুবে যায়।
সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবারদের মাঝে শোক ও উদ্বেগ এখনো বিরাজ করছে।